← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

বাংলামোটরে চাঁদাবাজির অভিযোগ, সাইমনসহ চারজন রিমান্ডে

অপরাধ-দূর্নীতি • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • শনিবার, ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২০
৪ মিনিট পাঠ • ৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির অভিযোগে সোহান নামে এক ব্যক্তিকে মারধর ও মাথায় আঘাতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির অঙ্গসংগঠন থেকে বহিষ্কৃত সাইমনসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সাইমনকে চার দিন এবং অপর তিন আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, মামলার ফরওয়ার্ডিং পেপারে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সাইমনের চার দিন এবং অন্য তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ওসি জানান, ঘটনাস্থলে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগের বিষয়ে পুলিশ এখনো সরাসরি কোনো প্রমাণ পায়নি। ঘটনাটি লোকমুখে শোনা গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেও এখন পর্যন্ত গুলিবর্ষণের কোনো দৃশ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিমান্ড মঞ্জুরের পর চার আসামিকে হাতিরঝিল থানা হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানার বাংলামোটর এলাকার নিউ ইস্কাটনে একটি বাসার সামনে সোহানের পথরোধ করা হয়। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং মাথায় আঘাত করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, পরে সোহানকে ফের মারধরের চেষ্টা করা হয় এবং ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় আহত সোহান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাইমনসহ চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে সাইমনের চার দিন এবং অপর তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।