← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

অপতথ্য প্রতিরোধে তরুণদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ইয়াসের খান চৌধুরী

জাতীয় • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • রবিবার, ৪ অক্টোবর ২০২৬, রাত ১২:৩৭
৩ মিনিট পাঠ • ৩৩ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য ছড়িয়ে পড়াকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি ও দায়িত্বশীল যোগাযোগ দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ বরাবরই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

নটরডেম কলেজে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ক্যাম্পাসে এসে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা আরও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে। তরুণদের নিয়ে সরকারের আগ্রহ রয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।