← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: জাহেদ উর রহমান

জাতীয় • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, বিকাল ৪:১৮
৫ মিনিট পাঠ • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমা না চাওয়া এবং দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রাখার অভিযোগ তুলে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণহত্যার অভিযোগের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ এখনো অনুশোচনা প্রকাশ করেনি। বরং বিদেশের মাটিতে ড. ইউনূস, সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও অভিনেত্রীকে হেনস্তা এবং দেশে সহিংসতা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিমানবন্দরে ড. ইউনূসের নিরাপত্তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, নিউইয়র্কে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কোনো ঘাটতি ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ড. ইউনূসের ক্ষেত্রেও একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যদি আবার এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করেন, তাহলে তার জবাব দেওয়া হবে। এ ধরনের ঘটনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কেউ ক্ষমা চাইলে দলটির সঙ্গে পুনর্মিলন বা সমঝোতা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি তাঁর কাছে কাল্পনিক। তাঁর দাবি, গত দুই বছরে দলটির বিভিন্ন কর্মকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা এবং অডিও বার্তার মাধ্যমে দেশে সহিংসতা ছড়ানোর চেষ্টার তথ্য সরকারের কাছে রয়েছে। এ পরিস্থিতিতে দলটির সঙ্গে আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা জানান, তাঁকে আনুষ্ঠানিকভাবে দেশে ফেরাতে সরকার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে এলে সরকারের আপত্তি নেই। দেশে ফিরলে তাঁকে আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত দণ্ড ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংস্কার ও আধুনিকায়নের অগ্রগতিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

এ সময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোছা. মোবাস্বেরা কাদেরী উপস্থিত ছিলেন।