← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

রাজনীতি • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২৭
৩ মিনিট পাঠ • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই যোদ্ধাদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে অনুষ্ঠিত এ আয়োজনে আহত জুলাই যোদ্ধাদের সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক এবং ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের উদ্যোগে এসব সহায়তার মাধ্যমে আহত জুলাই যোদ্ধাদের আবাসন, আর্থিক সুরক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।