আন্তর্জাতিক ডেস্ক
সাম্প্রতিক ‘৪০ দিনের যুদ্ধের’ পর নিজেদের অস্ত্রভান্ডারে আরও উন্নত ও আধুনিক অস্ত্র যুক্ত করার দাবি করেছে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আগের চেয়ে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহেব্বি এসব কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহেব্বির ভাষ্য, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত হবে। তবে পরিস্থিতিতে নতুন সংঘাতের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এর ব্যাখ্যায় আইআরজিসির এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সাফল্য অর্জন কিংবা একটি ‘জয়’ তুলে ধরার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হঠকারী কোনো পদক্ষেপ নিতে পারে।
ইরানের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ রয়েছে। মহেব্বি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নতুন কোনো সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্রকে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তবে অস্ত্রভান্ডারে নতুন কী ধরনের অস্ত্র যুক্ত হয়েছে, সে বিষয়ে সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে—এমন কোনো নিশ্চিত তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা
