← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

সিটির ট্রফি কেড়ে নেওয়া উচিত নয়, বললেন পিএসজি কোচ

খেলাধুলা • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
৪ মিনিট পাঠ • ২৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও মাঠে অর্জন করা শিরোপাগুলো ক্লাবটির কাছে থাকা উচিত বলে মনে করেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের অভিযোগ, বাণিজ্যিক চুক্তির আয় বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর মতো অনিয়মের মাধ্যমে ম্যানচেস্টার সিটি ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক অসংগতি করেছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইংলিশ ক্লাবটি।

অভিযোগ প্রমাণিত হলে সিটির বিরুদ্ধে জরিমানা, পয়েন্ট কর্তন কিংবা অবনমনের মতো শাস্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমনকি অতীতে জেতা শিরোপা কেড়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে সিটির মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটির আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সম্ভাব্য শাস্তি নিয়ে কথা বলেন স্প্যানিশ কোচ এনরিকে।

তিনি বলেন, “এমন কিছু শুনলে প্রথমে অবাক হতে হয়। তবে আমাদের প্রক্রিয়াটিকে সম্মান করতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।”

সিটির মাঠের পারফরম্যান্সের প্রশংসা করে এনরিকে আরও বলেন, “আমি যদি শুধু ফুটবল আর মাঠে যা দেখি, তা নিয়ে কথা বলি, তাহলে বলব, ম্যানচেস্টার সিটি ট্রফিগুলোর যোগ্য দাবিদার। তাদের খেলার ধরন আমার খুব ভালো লাগে।”

তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলেই মনে করেন পিএসজি কোচ। এ কারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চান না তিনি।

এনরিকে বলেন, “সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাদের, তারা সেটি নেবেন। আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হয়, মাঠে জেতা ট্রফিগুলো মাঠেই থাকা উচিত। সিটি সেগুলো জেতার যোগ্য। আশা করি, তারা এই শাস্তি এড়াতে পারবে।”

সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্ভাব্য শাস্তি নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এর মধ্যেই মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে অর্জিত শিরোপা কেড়ে না নেওয়ার পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন এনরিকে।