← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

নতুনবাজারে দুই বাসের রেষারেষি, প্রাণ গেল ভিক্টর বাসের হেলপারের

দূর্ঘটনা • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৩
৩ মিনিট পাঠ • ২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নতুনবাজার এলাকায় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মধ্যে রেষারেষির ঘটনায় শিশির মিয়া (২০) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির ভিক্টর পরিবহনের বাসটির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক জানান, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রীছাউনির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় বাড্ডাগামী রাইদা ও ভিক্টর পরিবহনের বাস দুটির মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে রাইদা পরিবহনের বাসটি ভিক্টর পরিবহনের বাসকে পাশ দিয়ে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিক্টর পরিবহনের বাসের দরজায় থাকা হেলপার শিশির দুই বাসের চাপে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত শিশির মিয়া গাজীপুরের টঙ্গী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।