← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

মিরপুর-১০-এ ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন জনভোগান্তির কথা

জাতীয় • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ৪:৪২
৩ মিনিট পাঠ • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ এলাকায় হকারদের দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব একেএম নাজমুল হক।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা স্বস্তি ফিরেছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না, কিংবা সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে কোনো ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও তিনি তাদের মতামত শোনেন।

এ সময় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন প্রধানমন্ত্রী। রাজধানীর ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়—এমন প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। তাই ফুটপাত দখলমুক্ত রেখে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।