← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

মন্দিরে রাস্তা ও ঘর নির্মাণ করবে সরকার: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ধর্ম • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৭
৮ মিনিট পাঠ • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতাগী উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন চাল ও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি যেসব মন্দিরে যাতায়াতের রাস্তা নেই, সেখানে রাস্তা এবং যেসব মন্দিরে নিজস্ব ভবন নেই, সেগুলোতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব; এ ক্ষেত্রে বৈষম্য কিংবা অবহেলার কোনো সুযোগ নেই।

ধর্মীয় সম্প্রীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে নূরুল ইসলাম মনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের ৮৯ শতাংশ সম্পদ দখল করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নেই এবং প্রতিমা ভাঙচুরের ঘটনাও তাঁর কানে আসেনি।

বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে চিফ হুইপ বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপরাধে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, এমনকি বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, তাঁর নাম ব্যবহার করে কোনো কর্মকর্তা অর্থ আদায় বা অনিয়ম করলে বিষয়টি তাঁকে জানাতে হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় অনুপস্থিত থাকায় পৌরসভার প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনাও দেন।

স্বাস্থ্য ও শিক্ষায় উন্নয়নের পরিকল্পনা

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন চিফ হুইপ। এ ছাড়া উপজেলার পানির সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়ানো এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানান নূরুল ইসলাম মনি। এসএসসি পরীক্ষায় কম পাসের হার থাকা স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মান পর্যালোচনা, সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মাদ্রাসা পরিদর্শন শেষে দ্রুত প্রতিবেদন জমা দিতেও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষাক্ষেত্রে ভালো ফল ও কার্যক্রমের স্বীকৃতি হিসেবে উপজেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণাও দেন চিফ হুইপ।

কৃষি, বিদ্যুৎ ও সামাজিক সহায়তা

কৃষকদের জন্য সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কার্যকর তদারকির নির্দেশ দেন তিনি। সার ডিলারদের অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া আগামী এক বছরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিজস্ব অর্থায়নে তিনজন সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন চিফ হুইপ।

এর আগে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।