← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

গফরগাঁওয়ে পূজামণ্ডপে অনুদান বিতরণ, বরাদ্দ দ্বিগুণ করার আশ্বাস এমরান সালেহ প্রিন্সের

সারাদেশ • প্রতিবেদক: আলমগীর স্টাফ রিপোর্টার || • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৩২
৪ মিনিট পাঠ • ২৭ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পরিষদ। আগামীতে পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক বরাদ্দ দ্বিগুণ করার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রোববার (১৮ অক্টোবর) সকালে আয়োজিত চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান বিএনপি সরকারের আমলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিষদের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম বিভিন্ন উপজেলায় সরাসরি গিয়ে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। এতে সহযোগিতা পেতে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হতে হবে না।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইসাহাক।

সভায় বক্তব্য দেন গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী এবং গফরগাঁও পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমারসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারি আর্থিক বরাদ্দের পাশাপাশি শাড়ি, কাপড়সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন।