← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

এমবাপ্পের পানেনকা পেনাল্টিতে রিয়ালের ঐতিহাসিক মাইলফলক

খেলাধুলা • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, বিকাল ৪:৪৭
৩ মিনিট পাঠ • ২৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক

সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর দ্বিতীয় গোলটি আসে পানেনকা শটে নেওয়া পেনাল্টি থেকে। আর এই পেনাল্টির সুবাদে স্প্যানিশ লা লিগায় নতুন মাইলফলক স্পর্শ করেছে মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচের ৬৩তম মিনিটে সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন এমবাপ্পেকে ফাউল করলে রেফারি মাতেও বুসকেটস ফেরার পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকেই লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়ার কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদ।

এখন পর্যন্ত লিগে পাওয়া ৬০০ পেনাল্টির মধ্যে ৪৬৪টি থেকে গোল করেছে ক্লাবটি। পেনাল্টি থেকে সর্বাধিক গোল করার তালিকায় রিয়ালের হয়ে শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর নেওয়া ৬৯টি পেনাল্টির মধ্যে ৬০টি জালে জড়িয়েছে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন করিম বেনজেমা। তাঁর নেওয়া ৩২টি পেনাল্টির মধ্যে ২৬টি থেকে গোল এসেছে। সেভিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ১৮তম পেনাল্টি নিতে গিয়ে ১৫তম গোলটি করেন এমবাপ্পে।

এ ছাড়া রিয়ালের হয়ে পেনাল্টি থেকে গোল করার তালিকায় রয়েছেন সার্জিও রামোস ও ভিনিসিয়ুস জুনিয়র। রামোস ১৭টি পেনাল্টির মধ্যে ১৬টি থেকে গোল করেছেন। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি নিয়ে গোল করেছেন সাতটি।

সেভিয়ার বিপক্ষে বড় জয়ের পাশাপাশি এমবাপ্পের জোড়া গোল এবং লা লিগায় ৬০০ পেনাল্টি পাওয়ার রেকর্ড—সব মিলিয়ে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য স্মরণীয় হয়ে থাকল।