নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসেবীদের উৎপাত ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের আওতায় রেলস্টেশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। পূজার ছুটিতে ঘরমুখী যাত্রী এবং ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট সদস্যরা। পাশাপাশি মাদকসেবীদের উৎপাত প্রতিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।
এসআরবি-৩ সূত্রে জানা গেছে, রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করাই এ বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা জানান, উৎসবের ছুটিতে যাত্রীদের চাপ বাড়ায় স্টেশনের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ও নিরাপত্তাঝুঁকি ছাড়াই রেলপথে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে এসআরবি-৩-এর সদস্যরা কাজ করছেন। যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
