নিজস্ব প্রতিবেদক
সারাদেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়াকে বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্ট্যাটাসে নাছির উদ্দীন নাছির বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেছেন।
দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সতর্ক নজরদারিরও প্রশংসা করেন তিনি।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্য এবং ব্যক্তিগতভাবে নোয়াখালীর সদর ও সুবর্ণচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তার কাছে এবারের দুর্গাপূজাকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে হয়েছে।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার।’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।
