বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা ইমরান খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানা নিয়ে আবেগঘন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তার সাবেক স্ত্রী অবন্তিকা মালিক। বিচ্ছেদের পর প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলে তিনি দাবি করেছেন, আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তটি ছিল ইমরান খানের। তিনি নিজে কখনো এই সম্পর্ক ভাঙতে চাননি।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন অবন্তিকা। সেখানে তিনি জানান, সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে ইমরানই সামনে আনেন। অবন্তিকার ভাষ্য অনুযায়ী, তিনি নিজে হয়তো নিজের ক্ষতি স্বীকার করেও সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করতেন।
অবন্তিকা বলেন, সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি মূলত ইমরানের ছিল। তিনি কখনো নিজে থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতেন না বলেও জানান।
সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন দুজনেই
অবন্তিকা জানান, সম্পর্কের সমস্যা সমাধান করে একসঙ্গে থাকার জন্য তারা দুজনেই শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। বারবার জটিলতা কাটিয়ে নতুন করে পথচলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের সময়টিকে জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে অবন্তিকা বলেন, প্রাথমিকভাবে আলাদা হয়ে যাওয়ার অনুভূতি ছিল মৃত্যুর মতো। যে জীবন ও ভবিষ্যৎ তিনি কল্পনা করেছিলেন, বিচ্ছেদের ফলে তা চিরতরে হারিয়ে যায়। জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কটি হারানোর যন্ত্রণা মেনে নেওয়া সহজ ছিল না বলেও জানান তিনি।
মেয়েকে একসঙ্গে বড় করছেন সাবেক দম্পতি
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান ও অবন্তিকা মালিক। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ইমারা।
বর্তমানে তাদের বৈবাহিক সম্পর্ক না থাকলেও মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে দুজন মিলে তাকে বড় করে তুলছেন। বিচ্ছেদ নিয়ে কিছুটা হতাশা থাকলেও একসঙ্গে কাটানো সময়কে পুরোপুরি ব্যর্থ বলে মনে করেন না অবন্তিকা। বরং তাদের সম্পর্কের অতীত অধ্যায়কে তিনি সফল হিসেবেই দেখতে চান।
