← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

বিয়ের দেনমোহর ৯৯৯ টাকা, এর পেছনে কী ভাবনা

বিনোদন • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:২৭
৪ মিনিট পাঠ • ১৭ বার পঠিত

বিনোদন ডেস্ক

মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত অভিনেতা সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ের খবরের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তাঁদের দেনমোহরের পরিমাণ—মাত্র ৯৯৯ টাকা। কেন এমন ব্যতিক্রমী অঙ্ক নির্ধারণ করলেন, সম্প্রতি সেই ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সুজাত শিমুল।

অভিনেতা জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা দেনমোহরের জন্য একটি ব্যতিক্রমী সংখ্যা বেছে নেওয়ার কথা ভাবছিলেন। তাঁদের কাছে বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেই ভাবনা থেকেই দৈনন্দিন জীবনে বিপদে-আপদে জরুরি সহায়তা পেতে ব্যবহৃত ৯৯৯ নম্বরটি তাঁদের মাথায় আসে।

সুজাত শিমুল বলেন, তিনটি ৯-এর পর একটি শূন্যস্থান থেকে যাওয়ার বিষয়টিকেও তাঁরা প্রতীকীভাবে দেখেছেন। তাঁর মতে, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু অপূর্ণতা থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টি তাঁদের কাছে সেই অপূর্ণতারই প্রতীক।

দেনমোহরের অঙ্ক নির্ধারণের পেছনে আরও একটি ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। অভিনেতার শ্বশুর পুলিশের চাকরি করতেন। জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সঙ্গে পুলিশের সম্পর্কও এই সংখ্যা বেছে নেওয়ার অন্যতম কারণ বলে জানান তিনি।

তবে সুজাত শিমুলের ভাষ্য অনুযায়ী, ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা ছিল বিয়েতে দেনমোহর নিয়ে প্রচলিত সামাজিক ধারণার বাইরে একটি বার্তা দেওয়া। তিনি মনে করেন, বিয়েতে দেনমোহরের অঙ্ককে কেন্দ্র করে অনেক সময় অর্থের পরিমাণ এবং পারস্পরিক আস্থা-অনাস্থার বিষয়টি সামনে চলে আসে।

অভিনেতা বলেন, ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের মধ্য দিয়ে তাঁরা নারীর সাহস ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার বিষয়টিও তুলে ধরতে চেয়েছেন। বিভিন্ন ভাবনা মিলিয়েই তাঁরা এই অঙ্কটি নির্ধারণ করেছেন।

সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায় অনেককে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি বলেও জানান সুজাত শিমুল। পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই অভিনেতা।