← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

আদালতে নির্দোষ দাবি শিমুর স্বামী নোবেল ও তার বন্ধুর

আইন-আদালত • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:৩৬
৩ মিনিট পাঠ • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বন্ধু এস এম ফরহাদ। সোমবার (২৬ অক্টোবর) আদালতে আত্মপক্ষ শুনানিতে দুই আসামি নিজেদের নির্দোষ উল্লেখ করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, আত্মপক্ষ শুনানি শেষে দুই আসামির সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার নির্ধারিত শুনানিতে কারাগার থেকে নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং তারা দোষী নাকি নির্দোষ, তা জানতে চান। জবাবে দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে সাফাই সাক্ষ্য দেবেন কি না, বিচারকের এমন প্রশ্নে তারা সাক্ষ্য দেওয়ার সম্মতি জানান। এরপর সাফাই সাক্ষ্যের জন্য ১৯ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই দিন রাতে আঙুলের ছাপ শনাক্তের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত হয়। তিনি ছিলেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু।

পরদিন ১৮ জানুয়ারি শিমুর ভাই হারুনুর রশীদ তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও নোবেলের বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।