নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি—রাওয়া। সংগঠনটির নেতারা বলেছেন, তাহসিফের মৃত্যুর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন।
সাক্ষাৎ শেষে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা হয়েছে। পরিবারের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানতে চেয়েছেন তারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি অনুসন্ধান করছে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তাহসিফের মৃত্যুকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত কষ্টকর উল্লেখ করে খুরশিদ আলম বলেন, দ্রুত প্রকৃত সত্য উদঘাটন করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন। দেশবাসীর পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও দ্রুত তদন্ত শেষ করে যথাযথ পদক্ষেপ দেখতে চান। রাওয়ার পক্ষ থেকে তাহসিফের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাটি তারা পর্যবেক্ষণে রাখবেন। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন ও বিচারপ্রক্রিয়া কীভাবে এগোয়, তা তারা দেখবেন। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিচারের দাবি জানান।
যেভাবে উদ্ধার হয় তাহসিফের লাশ
বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের ডাকে’ বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি।
দীপ বৃহস্পতিবার জানান, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। ওই রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে পিবিআই কর্মকর্তারা তাকে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন।
তিন দিনেও মামলা না হওয়ায় দীপকে নিয়ে সিদ্ধান্তের আলোচনা চলার মধ্যে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। একই রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা করা হয়। মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার বিষয়টি সামনে আসায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
