বিনোদন ডেস্ক
অস্কার বিবেচনার যোগ্যতা অর্জন করা ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্রটির অস্কার অভিযানকে আরও শক্তিশালী করতেই তার এই যুক্ত হওয়া। খবর ভ্যারাইটির।
প্রণব ভাসিন পরিচালিত চলচ্চিত্রটি ইতোমধ্যে বিশ্বের ৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিভিন্ন উৎসব থেকে পেয়েছে ২০টিরও বেশি পুরস্কার। প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা অ্যান্ড্রু স্কট এবং টনি অ্যাওয়ার্ডজয়ী নাট্যকার ও অধিকারকর্মী ভি, যিনি আগে ইভ এনসলার নামে পরিচিত ছিলেন।
চলচ্চিত্রটির বিষয়বস্তু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়কে নতুন, মজার ও বুদ্ধিদীপ্তভাবে তুলে ধরেছে ছবিটি। এর সৃজনশীল দলকে সমর্থন জানানো এবং তাদের মৌলিক কাজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।
‘উই ওয়ার হিয়ার’-এর গল্প ভারতের একটি ছোট শহরের তিন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। তাদের ধারণা, যন্ত্রপাতি ও প্রযুক্তি ধীরে ধীরে মানুষের কর্মক্ষেত্র দখল করে নিচ্ছে। এর প্রতিবাদে তারা অভিনব এক কর্মসূচি শুরু করেন। নিজেদের গৃহস্থালির বিভিন্ন যন্ত্রপাতি হিসেবে উপস্থাপন করে প্রতিবাদ জানাতে থাকেন তারা। তবে ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়, যখন তাদের একজনের সন্তান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক একটি প্রতিষ্ঠানে যোগ দেয়।
ছবিটির গল্প ও পরিচালনার দায়িত্বে থাকা প্রণব ভাসিন হাস্যরসের মাধ্যমে প্রযুক্তির প্রভাব, কর্মসংস্থান এবং সময়ের সঙ্গে মানুষের অপ্রয়োজনীয় হয়ে পড়ার আশঙ্কার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে সেরা ন্যারেটিভ শর্টের দর্শক পুরস্কার এবং রেডব্রেস্ট আনহিডেন অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছে। এ ছাড়া পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল শর্ট ফেস্টে ১৫ মিনিটের কম দৈর্ঘ্যের সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সেরা কমেডি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। পাম স্প্রিংসের এই পুরস্কারই ছবিটিকে অস্কার বিবেচনার যোগ্যতা এনে দেয়।
ফ্রান্সের ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর ছবিটি সেখানে কানাল প্লাস পুরস্কারও জেতে।
এদিকে, জনপ্রিয় মার্কিন সাময়িকী ‘দ্য নিউইয়র্কার’ চলচ্চিত্রটির স্বত্ব অধিগ্রহণ করেছে। সাময়িকীটির নিজস্ব ইউটিউব চ্যানেলে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
অস্কার মৌসুমে প্রিয়াঙ্কা চোপড়া, অ্যান্ড্রু স্কট ও ভির মতো আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিত্বদের সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক প্রণব ভাসিন।
ছবিটি প্রযোজনা করেছেন যশ গনসাই, ধীর মোমায়া ও দার গাই। এটি উপস্থাপনা করছে এসপিএলএফ মিডিয়া ও আরতি লোহিয়া।
