← Back to Article
Asian News24-দৈনিক এশিয়ান নিউজ২৪

গফরগাঁওয়ে শিলা নদীর রেলব্রিজ থেকে পড়ে যুবকের মৃত্যু, স্থায়ী সেতুর দাবি

দূর্ঘটনা • প্রতিবেদক: নিউজ ডেস্ক ।। • রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
৩ মিনিট পাঠ • ৮ বার পঠিত

 

আলমগীর স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মহাখালী শিলা নদীর রেলব্রিজ থেকে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে সোহাগ মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ নভেম্বর) সকালে তিনি মারা যান।

নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৪ বছর মালয়েশিয়া ও দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি শুরু করেছিলেন তিনি। ঘটনার মাত্র এক সপ্তাহ আগে শখ করে নতুন মোটরসাইকেল কেনেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে মশাখালী-গয়েশপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে শিলা নদীর রেলব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ব্রিজের নিচে ছিটকে পড়েন তিনি। এ সময় নিচে থাকা পাথরে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

সোহাগের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, এ দুর্ঘটনার পর শিলা নদীর ওপর স্থায়ী সড়ক সেতু নির্মাণের দাবি আবারও জোরালো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ রেলব্রিজ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। বারবার দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে দ্রুত সেখানে একটি স্থায়ী সড়ক সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।