নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। বিপরীতে এবার পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে। তবে কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
