Skip to main content

ইনানীতে রিসোর্টে আগুন, দোতলা থেকে লাফিয়ে প্রাণ বাঁচালেন দম্পতি

�
• 2 min • 20 views

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়েছেন এক দম্পতি। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে আগুন লাগার পর তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন।

আগুন থেকে বেঁচে ফেরা ওই ব্যক্তি জানান, রিসোর্টে থাকা অন্য পর্যটকদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁর ভাষ্য, তিনি ও তাঁর স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

ওই ব্যক্তির দাবি, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে প্রায় ২০ থেকে ২৫ জনের বেশি মানুষ ছিলেন। তাঁদের মধ্যে তাঁর জানা মতে, এই দম্পতিসহ এখন পর্যন্ত নয়জন জীবিত বের হতে পেরেছেন। অন্যদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। পাশের একটি পরিবারের তিন শিশুর মৃত্যুর কথাও জানান তিনি।

রিসোর্ট কর্তৃপক্ষের লোকজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের কেউ বেঁচে আছেন কি না, তা তিনি জানেন না। কারণ, তাঁদের কাউকে ঘটনাস্থলে দেখতে পাননি।

আগুনে ১০ জনের মৃত্যু, আহত সাত

শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও সাতজন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার শনিবার বেলা ১১টার দিকে জানান, রিসোর্টটিতে ২৭ জন প্রবেশ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!