নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারলেন না আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তাঁর পরিবর্তে শূন্য ঘোষিত আসনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনীত করেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মেঘনা আলম। পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। জনগণের সমর্থন নিয়ে সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন মেঘনা। এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হওয়ায় আলোচনায় আসেন তিনি। তবে মেঘনা আলমের দাবি ছিল, ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি; নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে গিয়ে তাঁর সাজে এমন মিল দেখা গেছে। বিএনপির মনোনয়ন না পাওয়ার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
