Skip to main content

নেটফ্লিক্সে ঝড় তুলেছে তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’

�
• 3 min • 22 views

বিনোদন ডেস্ক

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বাংলায় ডাব করা তুর্কি সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব সিরিজের বিভিন্ন দৃশ্য ও রিলস দর্শকদের নজর কাড়ছে। এবার বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে তুরস্কের ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’। মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেলা সিরিজটি প্রথম দুই সপ্তাহেই ১ কোটি ৪৩ লাখ ভিউ পেয়েছে।

গত কয়েক বছরে নেটফ্লিক্সে তুরস্কের বেশ কয়েকটি সিরিজ ও সিনেমা মুক্তি পেয়েছে। সেই ধারাবাহিকতায় মের্ত বায়কাল পরিচালিত ‘নট আ স্ট্রেঞ্জার’ও আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করেছে। সিরিজটির গল্পে সম্পর্কের টানাপোড়েন, অতীতের রহস্য এবং দাম্পত্য জীবনে বিশ্বাসের সংকটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সিরিজটির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে চিত্রনাট্য। গল্পের উপাদান পরিচিত হলেও নির্মাতারা রহস্য ও উত্তেজনা ধরে রাখার চেষ্টা করেছেন। সুখী দাম্পত্যের আড়ালে লুকিয়ে থাকা সংকট এবং পরিবারের আস্থাভাজন হয়ে ওঠা এক নারীর অতীত দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ বাড়ায়। শুধু কী ঘটবে, তা নয়—চরিত্রগুলোর আচরণের পেছনে কী রহস্য রয়েছে, সেটিও জানার কৌতূহল তৈরি হয়।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ফুন্দা, যার ভূমিকায় অভিনয় করেছেন এলচিন সাঙ্গু। তিনি একজন চিত্রশিল্পী। মা হওয়ার পর সংসার ও সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিল্পীজীবন থেকে অনেকটাই দূরে সরে যান ফুন্দা। পুরোনো সত্তায় ফিরে যাওয়ার ইচ্ছা থাকলেও বাস্তবতার চাপে তা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে মেয়ের দেখাশোনার জন্য একজন আয়া নিয়োগের সিদ্ধান্ত নেন তিনি।

এভাবেই ফুন্দার জীবনে প্রবেশ করেন নাজলি, চরিত্রটিতে অভিনয় করেছেন মেলিস সেজেন। সময়ের সঙ্গে নাজলির ওপর নির্ভরশীল হয়ে পড়েন ফুন্দা। কিন্তু তার স্বামী ইলকারের ভূমিকায় থাকা ওজান দোলুনাই বাড়ি ফিরে নাজলিকে চিনতে পারলে পরিস্থিতি বদলে যায়। কারণ, অতীতে ইলকারের সঙ্গে নাজলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

স্বামীর অতীতের এই অধ্যায় ফুন্দার সংসারে নতুন অস্থিরতা তৈরি করে। নিজের সম্পর্ক, পরিবার ও অবস্থান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন দেখা দেয়, নাজলি কি কেবল কাজের প্রয়োজনে ওই বাড়িতে এসেছেন, নাকি তার আগমনের পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য?

সিরিজটির প্রথম পর্ব প্রকাশের পর ফুন্দার মানসিক টানাপোড়েন, শিল্পীজীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং দুই নারী চরিত্রকে ঘিরে তৈরি রহস্য প্রশংসা পেয়েছে। তবে সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি একরকম নয়। তুরস্কের সংবাদমাধ্যম সাবাহর এক পর্যালোচনায় গল্পের কিছু অস্পষ্টতা এবং নির্দিষ্ট বিষয় বারবার ব্যাখ্যা করার প্রবণতা নিয়ে আপত্তি জানানো হয়েছে। পর্যালোচনায় ইঙ্গিত দেওয়া হয়েছে, গল্পে সম্ভাবনা থাকলেও চিত্রনাট্য সব ক্ষেত্রে তা যথাযথভাবে কাজে লাগাতে পারেনি।

সমালোচনার পাশাপাশি দর্শকসংখ্যার দিক থেকেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ‘নট আ স্ট্রেঞ্জার’। মুক্তির প্রথম সপ্তাহেই নন-ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করে এটি। প্রথম দুই সপ্তাহে ১ কোটি ৪৩ লাখ ভিউ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুর্কি সিরিজটির জনপ্রিয়তা আরও স্পষ্ট হয়েছে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!