বিনোদন ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এর আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। এবার একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপন করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
ছেলেকে নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই অভিনেত্রী। সন্তানের আনন্দের কথা ভেবে এর আগেও তাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন তিনি। মা-ছেলের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শাবনূর। বর্তমানে সিডনিতে বসবাস করছেন এই অভিনেত্রী।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে হ্যালোইন উদযাপনের কিছু ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। মা ও ছেলের পরনে ছিল একই নকশার পোশাক, যাতে ফুটে উঠেছে কমলা রঙের কুমড়ার নকশা।
ছবির পেছনের সাজসজ্জাতেও ছিল হ্যালোইনের আবহ। সেখানে দেখা গেছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্যের মাধ্যমে মা-ছেলের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সে সময় মা-ছেলেকে ভূতের সাজে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছিল।
