Skip to main content

পদত্যাগের পর ইশরাকের ব্যাখ্যা: মাদকবিরোধী অভিযানই ছিল উদ্দেশ্য

�
• 2 min • 23 views

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর দাবি, কোনো অনৈতিক স্বার্থ, জমি দখল কিংবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে নয়, মাদকের বিরুদ্ধে কাজ করতেই তিনি সেদিন মাঠে নেমেছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এসব কথা বলেন ইশরাক।

তিনি জানান, জনপ্রতিনিধি হিসেবে মাদকবিরোধী অভিযান সমন্বয় করতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ সময় তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি নিজের নিরাপত্তার জন্য রাখা লাইসেন্স করা অস্ত্র বলে দাবি করেন তিনি।

ইশরাকের অভিযোগ, অস্ত্র হাতে তাঁর ছবি প্রকাশের পর মূলধারার সংবাদমাধ্যমগুলো ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে খবর প্রকাশ করেছে। গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “গণমাধ্যমের ভূমিকায় আমি হতাশ হয়েছি, কেন আমাকে এভাবে টার্গেট করা হলো।”

ঘটনার পর সৃষ্ট পরিস্থিতির প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর ভাষ্য, দলের যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় এবং প্রধানমন্ত্রীর কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, “আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। আমি মাদক নির্মূলে কাজ করার অনুমতি চেয়েছি। তিনি সুযোগ করে দিয়েছেন।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি দায়িত্বে না থাকলেও মাদক নির্মূলে কাজ করার বিষয়ে তাঁর আগ্রহ অব্যাহত থাকবে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!