Skip to main content

বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১২ মৃত্যু, দুই চালককে আসামি করে পুলিশের মামলা

�
• 2 min • 18 views

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুই গাড়ির অজ্ঞাতপরিচয় চালককে আসামি করা হয়েছে। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকও রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।

এর আগে মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হন। দুর্ঘটনায় ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসচালক সোহেল রানাও (৩৬) নিহত হয়েছেন।

পুলিশের বাদী হয়ে মামলা

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। হতাহত ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের পক্ষ থেকে কেউ মামলা করার জন্য থানায় আসেননি। এ কারণে পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। তদন্তে আসামিদের শনাক্ত করা গেলে এবং তাঁরা জীবিত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চালকদের পরিচয় ও গাড়ির ফিটনেস খতিয়ে দেখছে পুলিশ

দুর্ঘটনায় দুই চালক নিহত হওয়ার পরও তাঁদের আসামি করে মামলা করার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, নিয়ম অনুযায়ী মামলা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা প্রকৃতপক্ষে চালক ছিলেন, নাকি সুপারভাইজার ছিলেন, তা এখনো নিশ্চিত নয়।

তদন্তে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি কোনো গাড়ির ফিটনেসে ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলাটি তদন্ত করবে হাইওয়ে পুলিশ।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!