আলমগীর স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে থাকা পানি ও ফেনা পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হওয়া অপর এক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রাহাত বেপারীর তিন বছর বয়সী ছেলে মাহমুদ হাসান সাজিত এবং জনি বেপারীর ছয় বছর বয়সী মেয়ে হুমায়রা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাজিত এবং সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ব্যবহারের পর একটি বড় শ্যাম্পুর বোতল ঘরের এক কোণে ফেলে রেখেছিলেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু ওই বোতল নিয়ে খেলতে শুরু করে। তারা প্লাস্টিকের হাঁড়ি-পাতিল শ্যাম্পুর ফেনা দিয়ে পরিষ্কার করছিল। একপর্যায়ে বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে এবং সেই ফেনাসহ পানি পান করে। এরপর তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনেরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ হুমায়রা ও অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কায় পরিবারের কেউ প্রথমে বিষয়টি থানায় জানাননি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
