Skip to main content

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ফি ৮ হাজার টাকা

�
• 2 min • 7 views

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো মেডিকেল সেন্টার বাড়তি টাকা দাবি করলে বা কর্মীদের হয়রানি করলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কোনো কর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি দিতে হবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো কর্মীর মেডিকেল স্লিপ একটি এজেন্সির মাধ্যমে করা হলেও পরবর্তী সময়ে তিনি অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। সে ক্ষেত্রে আগের এজেন্সিকে কোনো ধরনের বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ বিষয়ে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত ফির বেশি অর্থ দাবি, হয়রানি, টালবাহানা কিংবা অন্য কোনো সমস্যা তৈরি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য [email protected] ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে তা গ্রহণযোগ্য হবে না। এমনকি অভিবাসন ছাড়পত্রের জন্যও আগের পরীক্ষার রিপোর্ট বিবেচনা করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!