নিজস্ব প্রতিবেদক
অনুমোদিত মাধ্যমের বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি কিংবা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায় বাংলাদেশ রেলওয়ে নেবে না। যাত্রীদের সতর্ক করে কেবল অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কেনার জন্য যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহার করতে হবে। এর বাইরে অন্য কোনো মাধ্যমে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে প্রতারণা, আর্থিক ক্ষতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়লে তার দায়ভার রেলওয়ে গ্রহণ করবে না।
রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট হলো: https://eticket.railway.gov.bd
এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অনলাইনে নিরাপদে টিকিট কেনা এবং সম্ভাব্য প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহার করা উচিত। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট কেনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
