বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা। তবে সেই পরামর্শের জবাবে আসিফ জানিয়েছিলেন, বাংলাদেশই তার দেশ, আমেরিকার প্রতি তার বিশেষ আকর্ষণ নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ আকবরের সঙ্গে কথোপকথনের সেই স্মৃতি তুলে ধরেছেন প্রিসিলা। আসিফের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি পুরোনো কথোপকথনের বিষয়টি প্রকাশ করেন।
প্রিসিলা তার পোস্টে লেখেন, ‘আসিফ আকবর আঙ্কেলকে বলেছিলাম আমেরিকায় সেটেল হতে। জবাবে তিনি আমায় বলেছিলেন—বাংলাদেশ আমার দেশ। আমেরিকা আমায় টানে না।’
পোস্টের শেষাংশে আসিফ আকবরের প্রতি শুভকামনাও জানান এই কনটেন্ট ক্রিয়েটর।
আসিফের গাড়িতে গুলির ঘটনার পর আলোচনায় পোস্ট
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিসিলার পুরোনো কথোপকথনের পোস্টটি নতুন করে আলোচনায় আসে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিসিলাকে নিজের বন্ধুর মেয়ে হিসেবে উল্লেখ করেছিলেন আসিফ আকবর।
