নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জলাবদ্ধতা নিরসনে ২০টি জোনভিত্তিক বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে এসব কমিটি কাজ করবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১০টি করে মোট ২০টি জোনে কমিটিগুলো গঠন করা হবে। রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনভিত্তিক কমিটির নেতৃত্ব দেবেন। কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিকেল উইংয়ের প্রতিনিধিরা থাকবেন। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও অন্তর্ভুক্ত করা হবে।
২০টি জোনাল কমিটির কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য গঠন করা হবে একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় মনিটরিং কমিটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কমিটির আহ্বায়ক থাকবেন।
কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্মসচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও তদারকি করবে। একই সঙ্গে খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন কার্যক্রম জোরদার এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও নজরদারি করবে তারা। পাশাপাশি নগরীর বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
পর্যালোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
