Skip to main content

সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঙ্গালুরুতে দুই বিদেশির মৃত্যু

�
• 2 min • 8 views

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মার্কিন নাগরিকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের কনরাড হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জার্মানির নাগরিক অ্যালফ্রেড আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থিস (৫৭) এবং স্লোভাকিয়ার নাগরিক জুরাই হরভাট (৪৫)। থিস আন্তর্জাতিক বিমান সংস্থা লুফথানসার কর্মী ছিলেন। অন্যদিকে, হরভাট তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুইমিং পুলের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে ওই দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে আরও দুজন আহত হন। আহতদের একজন মার্কিন নাগরিক ম্যাথিউ ডিসান্টিস (৪১), যিনি হোটেলটিতে অবস্থান করছিলেন। অপরজন রাহুল তিওয়ারি (২৮), ওই সুইমিং পুলের জীবনরক্ষাকারী কর্মী।

আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা শঙ্কামুক্ত।

দুর্ঘটনার পর বেঙ্গালুরু পুলিশের পূর্ব বিভাগের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার বিক্রম আমাতে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

সুইমিং পুলের পানিতে কীভাবে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলের আলোকসজ্জা, পানি পরিশোধনব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি বা শর্টসার্কিট ছিল কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ। পাশাপাশি হোটেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আন্তর্জাতিক হোটেল গোষ্ঠী হিলটনের অধীন পরিচালিত বিলাসবহুল কনরাড হোটেলে এমন দুর্ঘটনায় অতিথিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সুইমিং পুলের বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!