আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার পথে মোরা ও ওরগাজের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
প্রতিবেদন অনুযায়ী, রেনফে ও ইরিও কোম্পানির দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইরিওর ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে এক যাত্রী জানান, হঠাৎ প্রায় ১০ সেকেন্ড ধরে বিকট শব্দ শুনতে পান তাঁরা। শব্দ শুনে তাঁদের মনে হয়েছিল, ট্রেনটি বুঝি লাইনচ্যুত হতে যাচ্ছে। পরে জানালা দিয়ে তাকিয়ে পাশের আরেকটি বিধ্বস্ত ট্রেন দেখতে পান।
একই রেলপথে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বড় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় দেশটির রেল নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ওই রেলপথে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর সব সরকারি কর্মসূচি স্থগিত করেছেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রচারণা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
এদিকে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং নিখোঁজ বা দুর্ঘটনাকবলিত যাত্রীদের স্বজনদের সহায়তার জন্য স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা কেন্দ্র ও আশ্রয়শিবির প্রস্তুত করেছে।
সূত্র: রয়টার্স
