Skip to main content

জামায়াতকে নিয়ে মাদানীর সমালোচনা, ‘পশ্চিমাদের খুশি করতে ইসলামপন্থীদের চ্যালেঞ্জ’

�
• 2 min • 35 views

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে আওয়ামী লীগের মমতাজের সঙ্গে তুলনা টেনে জামায়াতের সমালোচনা করেন তিনি।

মাদানী লেখেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে।’ তার দাবি, আওয়ামী লীগের মমতাজ প্রকাশ্যভাবে কর্মকাণ্ড চালাতেন। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে হিজাবের আড়ালে ইসলামের নামে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে, যা শেষ পর্যন্ত ইসলামের ক্ষতি করছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন তোলেন মাদানী। তার ভাষ্য, পশ্চিমা বিশ্বের কাছ থেকে রাজনৈতিক সমর্থন বা ক্ষমতার সুযোগ পাওয়ার আশায় দলটি দেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ক্ষমতায় থাকার বিষয়টি জামায়াতের জন্য আগামী নির্বাচনের ক্ষেত্রে বড় সমস্যা নয়। বরং তার মতে, দলটির সামনে মূল চ্যালেঞ্জ পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি।

মাদানীর বক্তব্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলো জামায়াতকে ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করলে দলটি ক্ষমতায় আসার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে—এমন ধারণা থেকেই জামায়াত নিজেদের অবস্থান পশ্চিমাদের কাছে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে।

জামায়াতের সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মাদানী বলেন, আগে যেসব বিষয় তাদের মধ্যে দেখা যায়নি, সেগুলোও এখন করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে দলটির অবস্থান তুলে ধরার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বাস্কেটবল আয়োজন এবং জামায়াতের এক নারী সংসদ সদস্যের হাতে পুরস্কার দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

তবে জামায়াত-শিবিরের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও পোস্টে তুলে ধরেন মাদানী। তিনি বলেন, কঠিন সময়ে দলটির নেতাকর্মীরা তাকে সহযোগিতা ও খোঁজখবর নেওয়ায় তাদের প্রতি তার সহানুভূতি রয়েছে। দলটির রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না বলেও উল্লেখ করেন তিনি।

তবে পশ্চিমাদের সন্তুষ্ট করার জন্য জামায়াত যদি ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করার মতো কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তিনি ইস্যুভিত্তিকভাবে দলটির সমালোচনা করবেন বলে জানান।

পোস্টের শেষাংশে জামায়াতের প্রতি নিজেদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান মাদানী। একই সঙ্গে তিনি দলটিকে আরও নিচে না নামার অনুরোধ করেন এবং প্রয়াত আল্লামা সাঈদীর প্রসঙ্গও উল্লেখ করেন।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!