আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়টি নিজের মতো করে উপস্থাপন করেছেন কংগ্রেস নেতা।
শনিবার (১০ অক্টোবর) বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী রাহুলের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। তিনি বলেন, রাজনৈতিক বয়ান তৈরির উদ্দেশ্যে রাহুল সত্যকে বিকৃত করেছেন। এর আগে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বক্তব্যও তিনি নিজের সুবিধামতো ব্যাখ্যা করেছেন বলে অভিযোগ করেন সুধাংশু। তাঁর দাবি, এবার রাষ্ট্রপতিকেও রাজনৈতিক বিতর্কের অংশ করা হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধিদল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তাঁরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘বেআইনি ও স্বেচ্ছাচারী কার্যকলাপের’ অভিযোগও তোলেন বিরোধী নেতারা।
প্রতিনিধিদলে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব ও মনোজ ঝা, এনসিপি (শরদ পওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং সমাজবাদী পার্টির রাজীব রায়সহ অন্য নেতারা।
বৈঠক শেষে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁদের বক্তব্য রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে শুনেছেন। ভোট কারচুপির অভিযোগ তিনি সরাসরি নাকচ করেননি বলেও জানান তাঁরা। রাহুলের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ চেয়েছেন।
রাহুল গান্ধী বলেন, স্মারকলিপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারতের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। রাষ্ট্রপতি তাঁদের বক্তব্যের বিরোধিতা করেননি বলেও দাবি করেন তিনি।
কংগ্রেস নেতা আরও জানান, ভোট কারচুপির অভিযোগের পক্ষে প্রমাণ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথাও বলেন তিনি।
তবে রাহুলের বক্তব্যের বিরোধিতা করে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, রাষ্ট্রপতি বিরোধীদের দাবি মেনে নিয়েছেন—এমন বক্তব্য বিভ্রান্তিকর। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ ও বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছেন।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বক্তব্য নিয়ে বিজেপি ও বিরোধী জোটের এই পাল্টাপাল্টি অবস্থানে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
