Skip to main content

আতলেতিকোর অভিযোগে বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা

�
• 2 min • 14 views

ক্রীড়া ডেস্ক

আতলেতিকো মাদ্রিদের অনুমতি ছাড়াই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ–এর সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। আতলেতিকোর অভিযোগের পর বিষয়টি তদন্ত করে কাতালান ক্লাবটির বিরুদ্ধে এই আর্থিক শাস্তি দেওয়া হয়েছে।

আতলেতিকোর দাবি ছিল, আলভারেজকে দলে ভেড়ানোর বিষয়ে আগাম লিখিতভাবে ক্লাবকে না জানিয়েই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। সেই অভিযোগের ভিত্তিতেই আরএফইএফ শাস্তির সিদ্ধান্ত নেয়।

যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে আলভারেজ এখনো আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই আছেন। ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। বিষয়টি নিয়ে আতলেতিকো ফিফার কাছেও অভিযোগ করেছিল। তবে ফিফা জানিয়েছে, এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

চলতি মৌসুমে একাধিকবার নিজ দলের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন আলভারেজ। তবে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোল করে পরিস্থিতি বদলে দেন তিনি। সেই ম্যাচে তার গোলের পর সমর্থকদের একাংশ দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। ওই জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে দিয়েগো সিমিওনের দল।

ম্যাচ শেষে নিজের আগের একটি মন্তব্য নিয়েও অনুশোচনা প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা। গ্রীষ্মে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নের কথা বলেছিলেন তিনি। সেই বক্তব্যে সমর্থকদের ক্ষোভের কারণ এখন বুঝতে পারছেন বলে জানান আলভারেজ।

তার ভাষায়, ওই মন্তব্য করা ভুল ছিল। তিনি নিজে সমর্থকের জায়গায় থাকলেও একই প্রতিক্রিয়া দেখাতেন। আতলেতিকোতে যোগ দেওয়ার পর সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা বিবেচনায় নিলে তাদের ক্ষোভ স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ছয় বছরের চুক্তিতে তার দলবদলের মূল্য ছিল সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ পাউন্ড।

ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করা এই ফরোয়ার্ড আতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে করেছেন ৫১ গোল।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!