Skip to main content

আদালত চত্বরে স্লোগান ঘিরে মামলা, আইনজীবীসহ তিনজনের রিমান্ড আবেদন

�
• 2 min • 22 views

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের পর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন জিয়াউল ইসলাম কাজলের ভাই আতিকুল ইসলাম মুন্না এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীরা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিও ও ছবি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রিকশাচালক তুহিন হত্যা মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে আইভীর উপস্থিতিতে তাঁর সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় গাড়িতে ওঠার আগে আইভী বলেন, ‘জয় বাংলাকে থামিয়ে রাখা যাবে না।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই জিয়াউল ইসলাম কাজল, মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জিয়াউল ইসলাম কাজলের এক নিকটাত্মীয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে স্লোগান দিতে দেখা যায়নি। বরং আদালতের নথিপত্রের ফাইল হাতে আইভীর পাশে হাঁটতে দেখা গেছে। ওই স্বজনের ভাষ্য, কাজল আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে আদালতে গিয়েছিলেন এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেহানুল জানান, মামলার তদন্তের স্বার্থে জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!