Skip to main content

বিমানবন্দরের নিরাপত্তা পর্যালোচনায় নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

�
• 58 sec • 26 views

নিজস্ব প্রতিবেদক

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন বিবেচনায় কমিটি সভা আয়োজন করতে পারবে। কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

দেশের বিমানবন্দরগুলোর বর্তমান নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে সেগুলোর উন্নয়নে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ তৈরি করাই হবে কমিটির মূল দায়িত্ব। নির্ধারিত দুই মাসের মধ্যে এসব সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!