Skip to main content

টাইগার শ্রফের ওপর হামলা: গ্রেফতার ১১তম আসামি, পেশায় প্রকৌশলী

�
• 3 min • 19 views

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সি প্রকৌশলী প্রাঞ্জল থাকরালকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

তদন্তকারীদের দাবি, হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত অনিল পণ্ডিতের নির্দেশে হামলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাঞ্জল। এমনকি ঘটনায় জড়িত এক বন্দুকধারীকে দ্বিতীয় একটি পিস্তলও সরবরাহ করেছিলেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত যুক্তরাষ্ট্রে অবস্থান করে হামলার পরিকল্পনা করেন। টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং বন্দুকধারীদের অর্থ জোগানোর দায়িত্ব ছিল প্রাঞ্জলের ওপর।

তদন্তকারীরা জানান, পুলিশের নজরদারি এড়াতে অনিল পণ্ডিত ও প্রাঞ্জল একটি গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। প্রাঞ্জলের ফোন থেকে উদ্ধার করা কথোপকথন ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অনিল পণ্ডিতের আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তাঁরা।

কে এই প্রাঞ্জল থাকরাল?

২২ বছর বয়সি প্রাঞ্জল থাকরাল প্রকৌশলে ডিপ্লোমাধারী। চলতি বছরের মার্চে তিনি জামিনে মুক্তি পান। এর আগে অনিল পণ্ডিতের নির্দেশে ভারতের পানিপথে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে তিনি কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জামিনে মুক্তির পর মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের ওপর হামলার পরিকল্পনায় তিনি অনিল পণ্ডিতের সঙ্গে যুক্ত হন বলে তদন্তকারীদের দাবি। বিদেশে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্তের কাছে পৌঁছাতে প্রাঞ্জলকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা।

রোববার প্রাঞ্জলকে কিল্লা আদালতের অবকাশকালীন বেঞ্চে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

যেভাবে হামলার শিকার হন টাইগার শ্রফ

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলা শেষে পুষ্পা নারসি গ্রাউন্ড থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত দুজন হামলাকারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে তাঁরা আন্ধেরিতে মোটরসাইকেলটি ফেলে সুরাটে যান এবং সেখান থেকে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠেন। দিল্লি হয়ে নেপালে পালানোর চেষ্টা করার সময় রাজস্থানের কোটায় তিন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত এ হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের সূত্রের দাবি, গ্যাংটি প্রথমে অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। তবে তাঁর নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় পরে পরিকল্পনা পরিবর্তন করে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: এনডিটিভি

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!