Skip to main content

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও পরিবহনে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

�
• 2 min • 35 views

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ বরাদ্দের তথ্য জানানো হয়। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে এ অর্থ ছাড় করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতে দাফন বাবদ অনুদানের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ব্যয় নির্বাহে দেওয়া হচ্ছে।

বরাদ্দ পাওয়া অর্থ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয় থেকে উত্তোলন করবে। এ জন্য নির্ধারিত সারণি অনুযায়ী বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে বরাদ্দের অর্থ তুলতে পারবেন। তবে এ অর্থ কেবল মুক্তিযোদ্ধাদের মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহনের কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনো খাতে অর্থ ব্যয় করা যাবে না।

বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায় বহন করতে হবে।

এ ছাড়া ৩০ জুন ২০২৭-এর পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

আদেশে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান আদেশটিতে স্বাক্ষর করেছেন।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!