Skip to main content

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্ব কায়সার কামালের

�
• 2 min • 26 views

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন কায়সার কামাল।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতার পরিসর বাড়ানো প্রয়োজন।

অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!