Skip to main content

মামলা না তুললে লাশ ফেলার হুমকি, আতঙ্কে কুরিয়ার সার্ভিসের বাদী

�
• 2 min • 25 views

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবারের (২৪ অক্টোবর) মধ্যে মামলা তুলে নিয়ে সমঝোতা না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

মামলার বাদী ও এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিনকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফোন করে হুমকি দেওয়া হয়। এ সময় তাকে এক দিনের সময় বেঁধে দিয়ে বলা হয়, ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’

পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরের সিমটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা-বাগানের নারী শ্রমিকের নামে নিবন্ধিত। তবে প্রাথমিক তদন্তে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমটি সংগ্রহের তথ্য পাওয়া গেছে।

সিমের নিবন্ধন নারী চা-শ্রমিকের নামে

শনিবার দুপুরে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার বাদীর সঙ্গে কথা বলে হুমকির বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে শনিবারের মধ্যে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেওয়া হয়।

ওসি বলেন, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করা হয়েছে। নম্বরটির সিম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধরমনাথ সুরমা চা-বাগানের ৯ নম্বর বস্তির এক নারী শ্রমিকের নামে নিবন্ধিত।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারী হিন্দু সম্প্রদায়ের একজন দরিদ্র চা-শ্রমিক। তবে তদন্তকারীদের ধারণা, ভুয়া এনআইডি ব্যবহার করে সিমটি নেওয়া হয়ে থাকতে পারে। ফলে সিমের নিবন্ধিত ব্যক্তিই হুমকি দিয়েছেন, এমন সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি পুলিশ।

অডিও যাচাই করছে পুলিশ

ওসি মোশাররফ হোসেন আরও জানান, মামলার বাদী হুমকিদাতার সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড তাকে পাঠিয়েছেন। সেটি যাচাই করা হচ্ছে। হত্যার হুমকির ঘটনাটিও মূল মামলার তদন্তের আওতায় আনা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।

কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। এবার সেই মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

Share the news

সর্বাধিক পঠিত

Link copied to clipboard!