ক্রীড়া প্রতিবেদক
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা যেন বারবার প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই আর্জেন্টাইন তারকা ক্লাব ফুটবলে নিজের জাদু দেখিয়েই চলেছেন। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মেসি প্রতিবারই গোটা বিশ্বকে অবাক করে দিতে পারে। ৩৯ বছর বয়সে কেউ এভাবে ফুটবল খেলছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না।’
ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে জার্মান বারটেরামের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। সেই গোলের পেছনেও অবদান ছিল মেসির, যিনি সতীর্থকে গোলের সুযোগ তৈরি করে দেন।
দ্বিতীয়ার্ধে নিজের গোলের খাতা খুলতে বেশি সময় নেননি আর্জেন্টাইন মহাতারকা। মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মায়ামির হাতে তুলে দেন তিনি।
৫৬ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়েন মেসি। সেখানে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে জালে বল পাঠান তিনি।
এর চার মিনিট পর, অর্থাৎ ৬০ মিনিটে আবারও একই ধরনের আক্রমণে গোল করেন মেসি। এবার লুইস সুয়ারেজের পাস পেয়ে এগিয়ে যান তিনি। সামনে আটলান্টার ডিফেন্ডার বাধা হয়ে দাঁড়ালেও মেসিকে থামানো সম্ভব হয়নি। গোলরক্ষক লুকাস হোয়োসকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল এবং দলের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
পরে আটলান্টা ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন ফাফা পিকল্ট। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। মেসির জোড়া গোল ও বারটেরামের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
